ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলাটি করেছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। এই ঘটনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে।
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুর চালান হিন্দু সংঘের সমিতির সমর্থকেরা। আজ সোমবারছবি: প্রথম আলো
ত্রিপুরার রাজধানী আগরতলার এক সাংবাদিক আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হামলাকারীরা সেখানে প্রবেশ করে বাংলাদেশের পতাকা নামিয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। তারা হাইকমিশনের ভেতরে কিছু ভাঙচুরও করে।
সাংবাদিক জানান, কয়েক দিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষোভ-মিছিল চলছিল। হঠাৎ করে আজ দুপুরে তারা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন।
আগরতলার সূত্র জানাচ্ছে, সীমান্তসংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তবে উভয় স্থানে, আজ সন্ধ্যা পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
বিবৃতিতে বলা হয়েছে, “কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। এই ঘটনার পর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।”

0 মন্তব্যসমূহ